মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা খুমি সম্প্রদায়ের ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত সূত্রে জানা গেছে, মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া এলাকার কয়েকটি গ্রাম থেকে আসা এসব ব্যক্তি বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করেন। শুক্রবার বিকেলে তাঁরা থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হৈকো খুমি পাড়ায় আশ্রয় নেন।
খবর পেয়ে বলিপাড়া জোনের আওতাধীন ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ছোট মধু বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের নিরাপত্তা হেফাজতে নেয়।
আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে বলে জানা গেছে। বিজিবি সদস্যরা তাঁদের থানচির একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রগুলোর দাবি, সম্প্রতি মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র সংঘাত তীব্র আকার ধারণ করায় খুমি জনগোষ্ঠীর অনেক পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ পরিস্থিতিতে কয়েকটি পরিবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা করেছে।
বিজিবি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও পরিস্থিতি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের পর আন্তর্জাতিক সীমান্ত নীতিমালা অনুসরণ করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, থানচি উপজেলার বড় মদক সীমান্তের ৬৮ থেকে ৭২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকা অত্যন্ত দুর্গম ও ঘন জঙ্গলে আচ্ছাদিত। ফলে এসব অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা চ্যালেঞ্জিং হওয়ায় সীমান্তরক্ষীরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।
এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার কারণে সীমান্তবর্তী এলাকাগুলোয় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে সীমান্তমুখী মানুষের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।