পরীক্ষামূলক প্রচার

Breaking News

থানচিতে বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ, অভিযুক্তকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকন্ঠ
ছবি: গিরিকন্ঠ

বান্দরবান জেলার থানচি উপজেলায় সাঙ্গু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মংক্যসিং মারমা নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ৪ নম্বর বলীপাড়া ইউনিয়নের মংনাই কারবারী পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে ড্রেজার ও দেশীয় পদ্ধতিতে সাঙ্গু নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না থাকার শর্তে মুচলেকা নেওয়া হয় এবং ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে সাঙ্গু নদের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং নদীর তলদেশের গঠন পরিবর্তিত হচ্ছে। এর ফলে নদীতীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি মারাত্মক ভাঙনঝুঁকিতে পড়ছে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ জাতীয় দায়িত্ব। পরিবেশ ও জনজীবনের ক্ষতি করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। সাঙ্গু নদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রশাসনের এ পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের মতে, অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমে বসতভিটা হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। সাম্প্রতিক অভিযানের ফলে পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত