পরীক্ষামূলক প্রচার

Breaking News

লামা ও আলীকদমে রিজার্ভ ফরেস্ট গিলে খাচ্ছে শক্তিশালী ভূ-দখলদার সিন্ডিকেট

আলিকদম প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের লামা ও আলীকদম উপজেলাজুড়ে সরকারি সংরক্ষিত বনাঞ্চল (রিজার্ভ ফরেস্ট) দখলের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। কাগজে-কলমে সরকারি বনভূমি হলেও বাস্তবে তার শত শত একর জমি চলে গেছে স্থানীয় প্রভাবশালী ও পাহাড়খেকো সিন্ডিকেটের দখলে। বন সুরক্ষার দায়িত্বে নিয়োজিত অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে চলা এই বেপরোয়া দখলদারিত্বের ফলে পুরো অঞ্চলে নেমে এসেছে চরম পরিবেশ বিপর্যয়।

অনুসন্ধানে জানা যায়, বনের জমি গ্রাস করতে সিন্ডিকেটটি প্রথমে জুম চাষ, ফলজ বাগান বা সামাজিক বনায়নের অজুহাত ব্যবহার করে। এরপর রাতের আঁধারে রাসায়নিক ছিটিয়ে ও গাছ কেটে শতাব্দীপ্রাচীন মহামূল্যবান বন ধ্বংস করা হয়। পরবর্তীতে এসব জমিতে অবৈধ তামাক চুল্লি, বাণিজ্যিক খামার ও আলিশান রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এমনকি ভুয়া স্ট্যাম্প ও জাল কাগজের মাধ্যমে রিজার্ভ ফরেস্টের জমি বেচাকেনার কালোবাজারও সক্রিয় রয়েছে।

আইন অনুযায়ী সংরক্ষিত বনে অনুপ্রবেশ ও দখলদারি দণ্ডনীয় অপরাধ হলেও মাঠপর্যায়ে বন বিভাগের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত মাসোহারা ও অনৈতিক সুবিধার বিনিময়ে বন বিভাগের অসাধু কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন। মাঝেমধ্যে লোকদেখানো দু-একটি উচ্ছেদ অভিযান চালানো হলেও মূল হোতারা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যান।

এই নির্বিচার বন উজাড় ও পাহাড় কাটার ফলে আলীকদম ও লামার ভূ-প্রকৃতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রধান পানির উৎস প্রাকৃতিক ঝিরি-ছড়াগুলো শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। এছাড়া বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা ভয়াবহ পাহাড় ধসের ঝুঁকিতে থাকছে। পরিবেশবিদ ও সচেতন মহল অবিলম্বে উচ্চক্ষমতা সম্পন্ন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদার ও সহযোগী বন কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান জানান, বন উজাড় বা বনাঞ্চল দখলের বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পর তিনি ঘটনার সত্যতা যাচাই করে সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত