উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ০। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরে এই ভূমিকম্পটি অনুভূত হয়।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর 'এল প্রোগ্রেসো' এলাকা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং এটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। শক্তিশালী এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার মেনডোসিনো কাউন্টির রেডউড ভ্যালির কাছে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ মাইল নিচে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ভূমিকম্পের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইউএসজিএসের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪ দশমিক ৫ বা তার চেয়ে বেশি মাত্রার অন্তত ৯৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
সম্প্রতি ভেনেজুয়েলাতেও পরপর ৭ দশমিক ২ এবং মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিজ্ঞানীরা এই ধরনের ঘটনাকে ‘ডাবলেট’ (Doublet) বলে আখ্যায়িত করেছেন। কাছাকাছি সময়ে প্রায় একই তীব্রতার দুটি ভূমিকম্প পরপর আঘাত হানলে তাকে 'ডাবলেট' বলা হয়, যা সাধারণত ক্ষয়ক্ষতির ঝুঁকি ও মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। বিশ্বব্যাপী এই ঘন ঘন কম্পন বড় কোনো ভূ-তাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।