আমেরিকার নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত (১৯)। গত রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে কুইন্সের উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিশাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ রায়গড় এলাকার ইমাম হেলাল উদ্দিনের বড় মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ বছর বয়সী নিশাত জান্নাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন। ঘটনার দিন কাজ শেষে ছোট বোনের জন্মদিনের জন্য কেক কিনে ট্রেনযোগে উডসাইডে নিজ বাসার উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। রাত আনুমানিক ১২টার দিকে উডসাইডের রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গারবেজ ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকটি ডান দিকে মোড় নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিশাতের বাবা হেলাল উদ্দিন কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। ২০১৭ সালে তারা অভিবাসী ভিসায় সিলেট থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বড় মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, অভাবের সংসারে মেয়েটি পার্ট-টাইম কাজ করে পরিবারকে সাহায্য করত। বোনের জন্মদিনের খুশি বিষাদে পরিণত হবে তা কেউ কল্পনাও করতে পারেনি।
এই ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিহত নিশাতের জানাজার নামাজ স্থানীয় সময় আজ মঙ্গলবার (৩১ মার্চ) জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে। মরহুমার পরিবার তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।