বান্দরবানে সাংবাদিকদের জন্য আয়োজিত মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস। তিনি ৩ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন নতুন প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে আরও অভিজ্ঞ হয়ে উঠবেন এবং মানসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের উচিত দেশ ও জাতির উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকা।
উল্লেখ্য, গত ১২ মে বান্দরবান প্রেসক্লাবে শুরু হওয়া এই প্রশিক্ষণে মাল্টিমিডিয়া জার্নালিজমের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ মোকাবিলা, আধুনিক কৌশল, বস্তুনিষ্ঠতার গুরুত্ব এবং সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব-কর্তব্য বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ প্রশিক্ষকরা।