পড়াশোনা এবং শিক্ষকতার পাশাপাশি মৎস্য খাতে অনন্য সাফল্যের স্বীকৃতি পেয়েছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী সাগর কান্তি দাশ। সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা ও মৎস্য চাষি হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সফলভাবে মৎস্য চাষ চালিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। পড়াশোনার পাশাপাশি তিনি বর্তমানে দস্তিরহাটের একটি কোচিং সেন্টারেও শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে তিনি একই সঙ্গে পড়াশোনা, শিক্ষকতা এবং কৃষিভিত্তিক উদ্যোগ পরিচালনা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর কান্তি দাশ মাছ চাষের মাধ্যমে স্থানীয় জনগণের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। তাঁর এই সফল উদ্যোগ এলাকার অন্য তরুণদেরও স্বাবলম্বী হতে এবং মৎস্য ও কৃষি খাতে এগিয়ে আসতে অনুপ্রাণিত করছে।
তাঁর এই অর্জনে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক সহকর্মী, মৎস্য চাষি ও বিভিন্ন মহলের শুভাকাঙ্ক্ষীরা তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তরুণ উদ্যোক্তা সাগর কান্তি দাশ জানান, মৎস্য চাষের মাধ্যমে নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তিনি সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণে কাজ করে যেতে চান। ভবিষ্যতে মৎস্য খাতকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার দৃঢ় আশাবাদও ব্যক্ত করেন তিনি।