কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কিশোরটির একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
আহত কিশোরের নাম আব্দুল হাকিম (১৫)। তিনি উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সে নাফ নদীতে মাছ ধরে তীরে উঠছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সে গুরুতর আহত হয়।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্থানীয়দের বরাতে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে আব্দুল হাকিমের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগেও গত বৃহস্পতিবার (২৬ মার্চ) একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামের আরেক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়েছিল। একই এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা ঘটায় সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।