দুর্গম ও পাহাড়ি এলাকার সুবিধা বঞ্চিত দরিদ্র নারীদের প্রজনন স্বাস্থ্য এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে নবনিযুক্ত মিডওয়াইফদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায়, ইউএনএফপিএ (UNFPA)-এর সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রিন হিল’-এর অংশীদারিত্বে জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত ‘প্রজনন স্বাস্থ্য (মাতৃ ও শিশু) সুরক্ষা প্রকল্প’-এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনিযুক্ত মিডওয়াইফদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক ডা. সানাইপ্রু মারমা, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. লেলিন তালুকদার এবং গ্রিন হিলের নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম বলেন, পার্বত্য শান্তি চুক্তির পর জেলা পরিষদ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করলেও দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবার পরিধি তুলনামূলক কম ছিল। দুর্গম পাহাড়ি এলাকার নারীদের প্রজনন স্বাস্থ্য রক্ষা ও প্রসূতি সেবা জোরদার করতে জেলা পরিষদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।