বান্দরবানে নতুন ধারার গণমাধ্যম “এশিয়া পোস্ট”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে বান্দরবান প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট মাধবী মারমা। তিনি বলেন, গণমাধ্যম দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি আশা প্রকাশ করেন, “এশিয়া পোস্ট” সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা বলবে এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান পার্বত্য জেলার আমীর এস এম আবদুচ ছালাম। তিনি বলেন, দায়িত্বশীল গণমাধ্যম সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি “এশিয়া পোস্ট”-এর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের সম্ভাবনা ও সাধারণ মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যমের বিকাশ অত্যন্ত জরুরি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, পুলিশ ও সাংবাদিকদের অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে একসাথে কাজ করতে হয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি। এসময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি এডভোকেট মাধবী মারমা আনুষ্ঠানিকভাবে “এশিয়া পোস্ট”-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।