মহানগর এলাকায় রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকদের জন্য জ্বালানি তেল সরবরাহে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে রাইড শেয়ার চালকরা প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রল সংগ্রহ করতে পারবেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, মহানগর এলাকায় রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিপিসি জানিয়েছে, তেল সংগ্রহের ক্ষেত্রে তিনটি শর্ত মানতে হবে। প্রথমত, ফিলিং স্টেশন থেকে তেল কেনার সময় রশিদ নিতে হবে এবং তাতে তেলের ধরন, পরিমাণ ও দাম উল্লেখ থাকতে হবে। দ্বিতীয়ত, পরবর্তীবার তেল নেওয়ার সময় আগের ক্রয় রশিদের মূল কপি দেখাতে বা জমা দিতে হবে। তৃতীয়ত, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই করা হবে।
বিপিসি বলছে, প্রকৃত রাইড শেয়ার চালকদের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং অপব্যবহার ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।