তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠিত হয়। “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও বিজ্ঞ জি.পি., জজ কোর্ট, রাঙামাটি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার বলেন, তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। কাবাডির মতো দলীয় খেলাগুলো তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা সম্ভব। পাশাপাশি এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
১০ উপজেলা থেকে ২০ দল
এবারের প্রতিযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দল নিজ নিজ থানার প্রতিনিধিত্ব করছে।
আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে কাবাডি প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুলিশ সদস্য, স্থানীয় জনগণ ও তরুণ সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
কাবাডি শুধু একটি প্রতিযোগিতামূলক খেলা নয়; এর মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্যের চর্চা হয়। তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে যুক্ত করার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রথমবারের মতো আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে জেলার বিভিন্ন প্রান্তের তরুণদের অংশগ্রহণে রাঙামাটির ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খেলাধুলায় ঐক্য গড়ি,
মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ি।