‘মাহা: ওয়াগ্যোয়াই পোয়ে:’ (প্রবারণা পূর্ণিমা) উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে সপ্তাহব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে উৎসব উদযাপন পরিষদ। আগামী ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত শহরজুড়ে নানা ধর্মীয় আচার ও খেলাধুলার মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হবে।
১৮ অক্টোবর (রোববার) উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উকাশিং মং মারমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ অক্টোবর বিকেল ৩টায় হ্যান্ডবল টুর্নামেন্টের মধ্য দিয়ে উৎসবের সুচনা হবে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উৎসব উদযাপন পরিষদের সভাপতি উ: চনুমং এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন। ২৪ অক্টোবর বিকেলে হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত সংসদ সদস্য মিসেস মাধবী মারমা।
এছাড়া ২৫ অক্টোবর সকাল ৫টায় এক প্রীতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ: কেসসমং।
উৎসবের প্রধান আকর্ষণ মঙ্গল রথযাত্রা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর সন্ধ্যা ৫টায়। পুরাতন রাজবাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজগুরু বৌদ্ধ বিহার ও উজানী পাড়া রাজগুরু বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে এই রথযাত্রা বের হবে। একই দিন সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্জ্বলন, ফানুস উত্তোলন এবং সন্ধ্যা ৭টায় বিভিন্ন পাড়াভিত্তিক ঐতিহ্যবাহী পিঠা তৈরি উৎসবের আয়োজন করা হয়েছে।
পরদিন ২৭ অক্টোবর বিকেল ৪টায় পাড়া প্রদক্ষিণ শেষে উজানী পাড়া খেয়াঘাটে রথ উৎসর্গের মাধ্যমে সপ্তাহব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে। উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে সকল ধর্ম ও বর্ণের মানুষকে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।