বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন–২০২৬-এর আওতায় যুবক-যুবতীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে এসি ও ফ্রিজ মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এক মাসব্যাপী অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এসি ও ফ্রিজের মেরামত, রক্ষণাবেক্ষণ, সার্ভিসিং এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে স্বনির্ভর ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান জোন।মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি, রোয়াংছড়ি সাবজোন কমান্ডার ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী, অধ্যক্ষ, বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলা, বান্দরবান।
প্রশিক্ষণ কার্যক্রমটি বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলা, বান্দরবান-এর পরিচালনায় এবং বান্দরবান সেনাজোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “বর্তমান সময়ে কারিগরি প্রশিক্ষণের ব্যাপক চাহিদা রয়েছে। স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার জন্য কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।” তিনি যুবসমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠান শেষে বান্দরবান জোনের জোন কমান্ডার প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন।
বান্দরবান সেনাজোনের এ ধরনের উদ্যোগের মাধ্যমে জেলার যুবসমাজের মধ্যে কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বান্দরবান জেলার আগ্রহী যুবক-যুবতীদের এ ধরনের কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।