পার্বত্য জেলা বান্দরবানে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও মহাকাশ গবেষণার আগ্রহ তৈরির লক্ষ্যে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে International Astronomical Union (IAU-OAE) এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোনমি এডুকেশন কো-অর্ডিনেটরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনিউল ফেরদৌস বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারে এই উদ্যোগ শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তাধারা গঠনে সহায়ক হবে।

বান্দরবানে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে
জেলা প্রশাসক মো. আনিউল ফেরদৌস ও আমন্ত্রিত অতিথিদের সাথে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।
'IAU-OAE শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম ২০২৬'-এর আওতায় আয়োজিত এই কর্মশালায় জেলার প্রায় ৩০ জন বিজ্ঞান ও গণিত শিক্ষক অংশ নিচ্ছেন। বুয়েটের অধ্যাপক ড. ফখরুল ইসলাম মান্নান মোহাম্মদী এবং চুয়েটের অধ্যাপক ড. উত্তম কুমার দে-সহ বিশিষ্ট শিক্ষাবিদদের তত্ত্বাবধানে প্রশিক্ষণে আধুনিক ও ব্যবহারিক শিক্ষা পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা দক্ষ হয়ে উঠবেন এবং তৃণমূল পর্যায়ে জ্যোতির্বিজ্ঞানের জটিল বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে সহজভাবে পৌঁছে দিতে সক্ষম হবেন।