নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং প্রসূতি মায়েদের জরুরি স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবোত্তর রক্তক্ষরণ ব্যবস্থাপনা বিষয়ক পিপিএইচ (PPH) ড্রিল অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ হাতে-কলমে প্রশিক্ষণ ও অনুশীলন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে বেসরকারি সংস্থা জেএসআই ও গ্রীন হিলের এমআইএইচআর প্রকল্প।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল সভাকক্ষে কর্মসূচির উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমদ, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সুমাইয়া বিনতে ইউসুফ ও ডা. কাউসার মাহমুদ ইকরাম, এমআইএইচআর প্রকল্পের ডা. সংথম ম্রো এবং গ্রীন হিলের প্রকল্প জেলা সমন্বয়ক সিমন আমলাই বম ও ডা. জনি চাকমা।
এ ছাড়া কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ এবং প্রকল্পের উপজেলা সমন্বয়ক মংছিংপ্রু মার্মাসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে প্রসব-পরবর্তী রক্তক্ষরণ (পোস্টপার্টাম হেমোরেজ বা পিপিএইচ) প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ে মূল আলোচনা এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সুমাইয়া বিনতে ইউসুফ।
পরে হাসপাতালের লেবার রুমে সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের অংশগ্রহণে বাস্তবভিত্তিক পিপিএইচ ড্রিল পরিচালনা করা হয়। এ অনুশীলনের মাধ্যমে প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে হাতে-কলমে ধারণা ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি মাতৃমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।