বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে ২০২৬-২৭ অর্থবছরে ২৪ জন গরিব, দুস্থ, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীর মাঝে ৯৪ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, অনুদানপ্রাপ্ত ব্যক্তি ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ফারজানা আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া, দরীদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ করে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়োজনের সময়ে সামান্য সহযোগিতা ও অসচ্ছল মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে নির্বাচিত ২৪ জন গরিব, দুস্থ, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীকে সর্বমোট ৯৪ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।
অনুদান পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আর্থিক সংকটের সময় পাওয়া এ সহায়তা তাদের প্রয়োজন মেটানোর পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়ক হবে। সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের আওতায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়িতে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়।