পরীক্ষামূলক প্রচার

Breaking News

থানচিতে অপহৃত ঠিকাদার উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
থানচিতে অপহৃত ঠিকাদার উদ্ধার নিয়ে বিজিবির সংবাদ সম্মেলন ছবি: গিরিকন্ঠ
থানচিতে অপহৃত ঠিকাদার উদ্ধার নিয়ে বিজিবির সংবাদ সম্মেলন ছবি: গিরিকন্ঠ

 

বান্দরবানের থানচি উপজেলা এলাকায় বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার মোঃ আমু হোসেন (৫০) জীবিত উদ্ধার হয়েছেন। এ সময় অপহরণকারী সশস্ত্র গ্রুপের সদস্য মাংলে ম্রোকে আটক করা হয়। পাশাপাশি মুক্তিপণের নগদ ৩ লাখ টাকা ও অপহরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ২১ মে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত ঠিকাদার আমু হোসেনকে একটি সশস্ত্র গ্রুপ অপহরণ করে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরিস্থিতির কারণে পরিবার দাবিকৃত অর্থ পরিশোধ করতে বাধ্য হয়।

ঘটনার পর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অভিযান শুরু করে। বলিপাড়া জোন কমান্ডার লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশনায় এবং সহকারী পরিচালক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

পরে গভীর রাতে থানচির বিদ্যামনিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে অপহৃত ঠিকাদারকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং মাংলে ম্রোকে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির কাছ থেকে এলাকায় সক্রিয় সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে। শিগগিরই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হতে পারে বলেও জানা গেছে।

বিজিবি জানিয়েছে, থানচির নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত