“পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে জুম্ম ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে নানা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর টাউন হল সম্মেলন কক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা।
এতে স্বাগত বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ চাকমা।
সমাবেশটি সঞ্চালনা করেন পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক পিন্টু চাকমা এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা।
এছাড়াও বক্তব্য রাখেন পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমন্বয়ক, বাসদ চট্টগ্রাম এর সাবেক সভাপতি আল কাদেরী জয়, চট্টগ্রাম ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি শুভ দেবনাথ, যুব সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জগদীশ চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মায়া চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে জুম্ম ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান দাবিগুলোর মধ্যে ছিল— পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সরকারি চাকরিতে ৫% কোটা পুনর্বহাল এবং মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন।
অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী, নারী ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।