টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যাদুর্গত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনায় এবং আলীকদম উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ১ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন, আলীকদম সদর ইউনিয়ন ও নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সশরীরে উপস্থিত হয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজা।
ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শনকালে জেলা বিএনপির নেতৃবৃন্দ বন্যার্তদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন। জানা গেছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে আলীকদমের অনেক পরিবার তাদের ঘরবাড়ি, গৃহস্থালির সামগ্রী ও জীবিকার উপকরণ হারিয়ে বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন। এসব পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকে সান্ত্বনা ও সহযোগিতা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে মো. জাবেদ রেজা বলেন, ভয়াবহ বন্যায় আলীকদমে সাধারণ মানুষ আজ চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এই কঠিন সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির প্রতিটি নেতাকর্মী আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। আলীকদম উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এই দুর্যোগ পুরোপুরি কাটিয়ে ওঠা পর্যন্ত আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও মানবিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন তুষার, আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাশুক আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইউনুচ মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনচুর আলমসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে দুর্যোগের এই কঠিন সময়ে ত্রাণ ও মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।