পরীক্ষামূলক প্রচার

Breaking News

আলীকদমে কুরুকপাতার দুর্গম মেরিনচরে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ, পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে মানবিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন। দুর্গম ও প্লাবিত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে সেনাবাহিনী।

শনিবার (১১ জুলাই) বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম মেরিনচর এলাকায় নৌকাযোগে পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা ও দুর্গম পথ অতিক্রম করেও সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

ত্রাণ বিতরণের পাশাপাশি জোন কমান্ডার তৈন খাল সংলগ্ন প্লাবিত এলাকা নৌকায় ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান অবস্থা, প্রয়োজন ও দুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসায় আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তৈন খালসহ বিভিন্ন এলাকার পানির স্তরও কমতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

আলীকদম সেনা জোনের জোন কমান্ডার বলেন, "প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী ত্রাণ ও অন্যান্য মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"

ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, দুর্যোগের কঠিন সময়ে দ্রুত সহায়তা পৌঁছে যাওয়ায় তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে এবং তারা নতুন করে সাহস ও আশার আলো দেখতে পাচ্ছেন।

আলীকদম সেনা জোন জানিয়েছে, বন্যা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে, যাতে কোনো দুর্গত পরিবার প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত