বান্দরবানের আলীকদম উপজেলায় চোরাচালান বিরোধী এক যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত ট্রাকভর্তি বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৭ বিজিবি) এবং স্থানীয় বন বিভাগ। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৮.১৯ ঘনফুট গোদা লগ কাঠসহ একটি মালবাহী ডাম্পার ট্রাক আটক করা হয়।
১২ জুলাই (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও বন বিভাগের একটি চৌকস যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন রাস্তার উত্তর পার্শ্বে সন্দেহভাজন হিসেবে একটি পরিত্যক্ত ডাম্পার ট্রাক (চট্টগ্রাম লট-৮৮) তল্লাশি করা হলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা উক্ত অবৈধ কাঠগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠ এবং ট্রাকটির বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলোকে বন বিভাগের তৈন রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা "জিরো টলারেন্স নীতি" অনুসরণ করে আসছে। পাহাড়ি অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি তথা আলীকদম ব্যাটালিয়নের এই ধরনের নিরবচ্ছিন্ন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।