বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার একমাত্র শিশুপার্কের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ সাফকাত আলী। দায়িত্ব গ্রহণের পর শিশুদের বিনোদনের পরিবেশ ফিরিয়ে আনতে পার্কটিকে সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি।
দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে আলীকদমের এই শিশুপার্কটি শিশুদের খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। খেলার সরঞ্জামে মরিচা ধরা এবং সীমানা প্রাচীর ভেঙে যাতায়াতের পথ তৈরি হওয়ায় ভেতরে লোকজন ও গবাদিপশুর অবাধ চলাচল বেড়েছে।
পরিদর্শন কালে ইউএনও সৈয়দ সাফকাত আলী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের গুরুত্ব অপরিসীম। আলীকদমের একমাত্র শিশুপার্কটি শিশুদের জন্য আরও আকর্ষণীয়, পরিচ্ছন্ন ও নিরাপদ করে তুলতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, পার্কের বিদ্যমান সমস্যা গুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শিশুরা যেন এখানে নির্বিঘ্নে খেলাধুলা করতে পারে এবং আনন্দময় সময় কাটাতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।