পরীক্ষামূলক প্রচার

Breaking News

পাহাড়ি সড়কে বেপরোয়া তামাক ট্রাক চলাচল

লামা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের লামা-আলীকদম সংযোগ সড়কে ট্রাফিক আইন উপেক্ষা করে প্রতিদিন শতাধিক অতিরিক্ত তামাকবোঝাই ট্রাক চলাচলের অভিযোগ উঠেছে। পাহাড়ি আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ এ সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচলে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ এবং প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সচেতন মহল ও যাত্রীদের অভিযোগ, ট্রাফিক বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও সদস্যের নীরবতা ও যোগসাজশের সুযোগে দীর্ঘদিন ধরে এ অনিয়ম চলছে। পরিবহন মালিক ও চালকরা ট্রাফিক পুলিশকে ‘ম্যানেজ’ করেই অতিরিক্ত মালামাল বহন করছে বলে দাবি তাদের।

সম্প্রতি বদুর ঝিরি এলাকায় অতিরিক্ত তামাকবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, অতিরিক্ত মালামাল ও পাহাড়ি সড়কের ঝুঁকিপূর্ণ বাঁক দুর্ঘটনার প্রধান কারণ।

স্থানীয় সূত্রে জানা গেছে, লামা ও আলীকদম এলাকার বিভিন্ন তামাক কোম্পানির পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের জন্য প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত অসংখ্য ট্রাক চলাচল করে। অধিক মুনাফার আশায় অধিকাংশ ট্রাকে ধারণক্ষমতার চেয়ে বেশি তামাক পাতা ও পণ্য বোঝাই করা হয়। এতে পাহাড়ি সড়কে যানবাহনের ভারসাম্য নষ্ট হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

যোগসাজশের অভিযোগ অস্বীকার করে লামা ট্রাফিক ইনচার্জ আশিক বলেন, অতিরিক্ত লোডবাহী যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে নিয়ম ভঙ্গকারী চারটি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং অবৈধ অতিরিক্ত তামাক পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি সড়কে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচল অত্যন্ত বিপজ্জনক। সামান্য যান্ত্রিক ত্রুটি বা চালকের অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রচলিত আইন অনুযায়ী, নির্ধারিত ওজনের অতিরিক্ত মালামাল পরিবহন দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের দুর্ঘটনায় চালক ও মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা ট্রাফিক বিভাগের অভিযান আরও জোরদার করার পাশাপাশি এই রুটে বিআরটিএ’র নিয়মিত মোবাইল কোর্ট ও বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত