নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ মংজয়পাড়া বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জামিরতলি পাড়া এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি মংথায়াইনছা তংচংগ্যা (৪৫), তিনি স্থানীয় বাসিন্দা। বিজিবি জানায়, সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।