পার্বত্য চট্টগ্রামের মারমা জনগোষ্ঠীর পরিচিত মুখ, বিশিষ্ট লেখক ও মানবিক কর্মকাণ্ডের সংগঠক অংচিংনু মারমা আন্তর্জাতিক সম্মাননা স্মারক লাভ করেছেন। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ’-এর পক্ষ থেকে তাকে এই আন্তর্জাতিক সম্মাননা স্মারক–২০২৬ প্রদান করা হয়।
অংচিংনু মারমা বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দেশ ও দেশের বাইরে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। পাহাড়ি জনপদের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিভিন্নভাবে সহায়তা করা এবং মানুষের মুখে হাসি ফোটানোর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
তার এসব জনহিতকর কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের প্রতি মানবতার ও দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে মনে করেন আয়োজকরা। সম্মাননা প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করে অংচিংনু মারমা বলেন, মানুষের পাশে দাঁড়ানোর মাঝেই মানবতার সবচেয়ে বড় পরিচয় নিহিত রয়েছে। আমৃত্যু সমাজের অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।