বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরি এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরি বলেন, “বিএনপি প্রতিহিংসা কিংবা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি জনগণের অধিকার, গণতান্ত্রিক জবাবদিহি, আইনের শাসন ও জাতীয় ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করা জরুরি। তবে বিরোধিতার নামে ভিত্তিহীন অভিযোগ, উসকানি ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যুবশক্তিকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই দেশের সমৃদ্ধি সম্ভব।
বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, সাশৈপ্রু মারমা, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিটন ও মোহাম্মদ নেজাম উদ্দিন চৌধুরী। এ ছাড়া জেলা বিএনপির সদস্য মো. আবু বক্কর, শাহাদাত হোসেন জনি এবং জেলা যুবদলের সাবেক সভাপতি হারুন অর রশিদ সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবসমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে সংগঠনটির যাত্রা শুরু হয়।