পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানে মাত্র ৫০০ টাকার জন্য মারধরে উচনু মারমা নিহত, ঘাতক পলাতক

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান শহরের নিউগুলশান এলাকায় মাত্র ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে সংঘটিত এক বর্বরোচিত মারধরের ঘটনায় উচনু মারমা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত উচনু মারমা নিউগুলশান এলাকার বাসিন্দা থোয়াইনুচিং মারমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে উচনু মারমার সঙ্গে একই এলাকার উচিংনু মারমা ওরফে সেলিমের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যকার বাকবিতণ্ডা তীব্র সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, কথাকাটাকাটির একপর্যায়ে উচিংনু মারমা ক্ষিপ্ত হয়ে উচনু মারমাকে এলোপাতাড়িভাবে পেটাতে শুরু করেন। মারধরের একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে উচনু মারমাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত উচিংনু মারমা ওরফে সেলিম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে মাত্র ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত উচিংনু মারমা ওরফে সেলিম বর্তমানে পলাতক রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে এবং গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক দল ইতিমধ্যেই মাঠে নেমেছে এবং অভিযান অব্যাহত রেখেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত