‘ভোট চাই নারীর জন্য, নারী হোক অগ্রগণ্য’—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলায় নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় থানচি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সামাজিক সংগঠন ‘নারীপক্ষ’-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য নারী প্রার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিভিন্ন জনগোষ্ঠীর নারী ও পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি এই মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধিতে সমাজকে আরও এগিয়ে আসতে হবে এবং আগামী নির্বাচনগুলোতে নারী প্রার্থীদের সমর্থন জোগাতে সবার ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।