পরীক্ষামূলক প্রচার

Breaking News

আলীকদমে মাতামুহুরী নদী ও চৈক্ষ্যং খালের ভাঙনে আতঙ্কিত শতাধিক পরিবার: স্থায়ী সমাধানের দাবি

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বর্ষা এলেই বান্দরবানের আলীকদমের নদী তীরবর্তী মানুষের জীবনে নতুন করে আতঙ্ক নেমে আসে। প্রতি বছরের মতো এবারও টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মাতামুহুরী নদী ও চৈক্ষ্যং খালের ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। নদীর তীব্র স্রোতে প্রতিদিনই ভাঙছে তীর, কোথাও বিলীন হচ্ছে ফসলি জমি আবার কোথাও হুমকির মুখে পড়েছে বসতবাড়ি ও গ্রামীণ সড়ক। নদীর পাড়ে বসবাসকারী শতাধিক পরিবারের দিন কাটছে ঘরবাড়ি হারানোর আতঙ্কে।

উপজেলার আলীকদম সদর ইউনিয়নের পশ্চিম বাগানপাড়া এবং চৈক্ষ্যং ইউনিয়নের মংচিং হেডম্যানপাড়া সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই নদীর পাড়ের মাটি ধসে পড়ায় অনেক পরিবার বসতভিটা সরিয়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন।

ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীর তীরে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, এর আগে চৈক্ষ্যং খালের প্রায় ৮০ মিটার এবং পশ্চিম বাগানপাড়া এলাকায় প্রায় ৩০০ মিটার অংশে জিও ব্যাগ স্থাপন করা হয়েছে, যাতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। তবে স্থানীয়দের অভিযোগ, প্রবল স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে জিও ব্যাগ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। বর্ষা এলেই জিও ব্যাগ ফেলার উদ্যোগ দেখা গেলেও বর্ষা শেষ হলে স্থায়ী সমাধানের কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ফলে প্রতিবছরই একই স্থানে ভাঙন দেখা দেওয়ায় অনেক পরিবার তাদের বসতভিটা ও আবাদি জমি হারিয়ে সর্বস্বান্ত হচ্ছেন।

স্থানীয়দের দাবি, জিও ব্যাগ কোনো স্থায়ী সমাধান নয়। নদীর তীর সুরক্ষায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে পরিকল্পিত ও টেকসই ব্লক বাঁধ নির্মাণ করা জরুরি। এতে নদীভাঙন রোধের পাশাপাশি মানুষের বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থা রক্ষা পাবে।

এদিকে বিপুল অর্থ ব্যয় করেও নদীভাঙন পুরোপুরি বন্ধ না হওয়ায় স্থায়ী সমাধান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় তাৎক্ষণিক সুরক্ষার জন্য জিও ব্যাগ ফেলার পাশাপাশি স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বরাদ্দ পেলে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত