রাজধানীতে আনুষ্ঠানিকভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, ধর্মীয় নেতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদেরও নিয়মিত মাসিক সম্মানী প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদানের পাশাপাশি পুরোহিত, সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমও একযোগে চালু করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় নেতারা সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে সরকার এই কর্মসূচি চালু করেছে।
তিনি আরও বলেন, দেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যায়ক্রমে দেশের আরও বেশি ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাকে এই কর্মসূচির আওতায় আনা হবে।