বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পাহাড়ি ছড়ার পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে আলিয়া সোলতানা নামে ৫ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি ছড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিয়া সোলতানা স্থানীয় বাসিন্দা শফি আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শিশু আলিয়া সোলতানা রাঙ্গাঝিরি ছড়ার পাশে নামলে হঠাৎ উজান থেকে আসা পানির তীব্র স্রোতে ভেসে যায়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত ছড়ার পানিতে নেমে তল্লাশি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, অবুঝ এই শিশুর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো রাঙ্গাঝিরি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।