বান্দরবানের রুমা উপজেলায় মুনলাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেছেন ৩০০ নং আসনের মাননীয় সংসদ সদস্য সাং চিং প্রু (জেরী)। এ সময় তিনি এলাকার শিক্ষা উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
বিদ্যালয়টি রুমা উপজেলার বগালেক যাওয়ার পথে অবস্থিত মুনলাই পাড়ায় প্রতিষ্ঠিত, যা দেশের অন্যতম পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত। বম জনগোষ্ঠীর বসবাসরত এই গ্রামটি পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। পাশাপাশি এটি ইকো-ট্যুরিজম ভিত্তিক একটি আদর্শ গ্রাম হিসেবে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
এর আগে, রুমা উপজেলায় আগমনে মাননীয় সংসদ সদস্যকে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, নতুন এই বিদ্যালয় চালু হওয়ায় এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ আরও সহজলভ্য হবে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।