পরীক্ষামূলক প্রচার

Breaking News

লংগদু কাপ ফুটবলের বর্ণাঢ্য সমাপনী; চ্যাম্পিয়ন মাইনীমুখ ইউনিয়ন

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দিচ্ছেন প্রধান অতিথি লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। ছবি: গিরিকণ্ঠ
লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দিচ্ছেন প্রধান অতিথি লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। ছবি: গিরিকণ্ঠ

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং যুবসমাজের ইতিবাচক বিকাশের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে আয়োজিত “লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জুন) বিকালে লংগদু উপজেলা পরিষদ মাঠে জাঁকজমকপূর্ণ এই ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শত শত ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টুর্নামেন্টের চূড়ান্ত ও ফাইনাল খেলায় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন ফুটবল একাদশ এবং বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানেও গোলশূন্য ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে খেদারমারা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাইনীমুখ ইউনিয়ন ফুটবল একাদশ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন খোকন চাকমা এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন ঝন্টু দাস। প্রধান অতিথি তাদের হাতেও ব্যক্তিগত সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ বলেন, “খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ ও যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে নিয়মিতভাবে জনকল্যাণমূলক ও ক্রীড়াভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মাঝে এই সম্প্রীতির ধারা বজায় রাখতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে “লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৩ জুন লংগদু জোনের আওতাধীন লংগদু উপজেলার ৭টি এবং বাঘাইছড়ি উপজেলার ২টি সহ মোট ৯টি ইউনিয়ন দলের অংশগ্রহণে এই ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সামরিক কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত