বান্দরবানের আলীকদম থানা পুলিশের একটি বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৪৪ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত শীর্ষ আসামি মো. সোহেলকে গ্রেফতার করা হয়েছে। ২ জুন ২০২৬ তারিখে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ-এর নেতৃত্বে পরিচালিত এই সফল অভিযানে অংশ নেন এসআই নিশাত বড়ুয়া, এএসআই রনেশ বড়ুয়া, এএসআই মাহামুদুল হাসান, এএসআই রাজীব দে এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি মো. সোহেল একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছিলেন। আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ সর্বমোট ৪৪ বছরের সাজা প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে এই অভিযান পরিচালনা করে। আলীকদম থানা পুলিশের এই সফল অভিযানকে অপরাধ দমনে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার আরেকটি বড় দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।