কক্সবাজারের বহুল পরিচিত আল-গণি রেস্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ হয়েছেন অন্তত ৩০ পর্যটক। এ ঘটনায় শনিবার (১৬ মে) বিকেলে রেস্টুরেন্টটির সুগন্ধা পয়েন্ট শাখায় যৌথ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুতের বিষয়ে সতর্ক করা হয়েছে।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। খাবার তৈরির স্থান অস্বাস্থ্যকর ও যথাযথ হাইজিন না মানার প্রমাণ মিলেছে।
এর আগে শুক্রবার রাতে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফরে আসা ৩০ জন পর্যটক আল-গণিতে বারবিকিউ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তারা বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথার উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তানবী জান্নাত বলেন, ফুড পয়জনিংয়ের কারণে পর্যটকরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কয়েক ঘণ্টা চিকিৎসা ও পর্যবেক্ষণের পর শনিবার দুপুরে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আল-গণি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রেস্টুরেন্টের খাবার নয়, সৈকত এলাকায় অন্য খাবার খেয়ে পর্যটকরা অসুস্থ হয়েছেন।
এদিকে একই দিনে কক্সবাজারের হোটেল সি প্যালেসের একটি রেস্টুরেন্টেও অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।