নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম | ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চলাকালে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৪ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫ জনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (২০ মে) বেলা ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকীর আদালত এই রায় ঘোষণা করেন। আদালতের জ্যেষ্ঠ আইনজীবী খুরশেদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপক্ষের ৫২ জন সাক্ষীর নির্ভীক সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দেন। মামলার বিবরণ ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন বাড়ি ঘেরাও করার পর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে এবং পরবর্তীতে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হলে ভোর ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা দুটি মামলায় মোট ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল।