| ছবি: গিরিকণ্ঠ
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে চট্টগ্রাম ব্লাড ব্যাংক। আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তের কোনো বিকল্প নেই। দুর্ঘটনা কিংবা জটিল রোগে আক্রান্ত অনেক রোগীর জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। এ সময় স্বেচ্ছায় রক্তদাতারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই রক্তদানে ভয় বা সংকোচ না করে সুস্থ ও উপযুক্ত ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। সাতকানিয়া ব্লাড ব্যাংকের আজীবন সদস্য মো. আরিফুল ইসলাম বলেন, সাতকানিয়া ব্লাড ব্যাংক সব সময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে। মানুষের প্রয়োজনে রক্তের ব্যবস্থা করা এবং মানবিক কার্যক্রম পরিচালনা করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। এ সময় সামির মোহাম্মদ বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। রক্ত দিন, জীবন বাঁচান।’ তিনি স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি সমাজের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে রক্তদানের সচেতনতা তৈরির পাশাপাশি তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে। আয়োজন সফল করতে সহযোগিতা করায় অতিথি, অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সাতকানিয়া ব্লাড ব্যাংক। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও মুমূর্ষু রোগীদের প্রয়োজনে রক্তের ব্যবস্থা করা এবং মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।