প্রকাশ :: ... | ... | ...

রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর অর্থায়িত প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, ক্ষতি ১২ লাখ টাকা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থা United Nations High Commissioner for Refugees (ইউএনএইচসিআর)-এর অর্থায়নে পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির অবকাঠামো, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং বিভিন্ন প্রশিক্ষণ ও চিকিৎসা কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন জানান, ইউএনএইচসিআর-এর অর্থায়নে এবং সিএনআরএস পরিচালিত স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর টহল দল এবং এপিবিএন সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রশিক্ষণ কেন্দ্রটির অফিস কক্ষ, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং প্রশিক্ষণ ও চিকিৎসা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে যায়। এপিবিএনের প্রাথমিক হিসাব অনুযায়ী, ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।