| ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় সংঘটিত চাঞ্চল্যকর ও বহুল আলোচিত কিশোর হুমায়ুন কবির (১৫) হত্যা এবং মানব পাচার মামলার অন্যতম মূলহোতা ও ২ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি আলী আহমদ (৪০)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলী আহমদ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া এলাকার মৃত সোনা আলীর ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার ১৫ বছর বয়সী কিশোর হুমায়ুন কবিরকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি অবৈধ মানব পাচারকারী চক্র সাগরপথে নিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা বিষয়টি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ জানালে চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর আন্তর্জাতিক পাচারকারী চক্রের মাধ্যমে কিশোর হুমায়ুনের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয় এবং মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়। এই নির্মম ঘটনার খবর ছড়িয়ে পড়লে সমগ্র কক্সবাজারজুড়ে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। এসআরবি-১৫ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।