প্রকাশ :: ... | ... | ...

মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মো. আমির হোসেন প্রায় ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং মসজিদের দোতলার একটি কক্ষে বসবাস করতেন। মঙ্গলবার বিকেলে তিনি আসরের নামাজে ইমামতি করলেও মাগরিব ও এশার নামাজের সময় তাঁকে না পেয়ে মুসল্লিদের সন্দেহ হয়। পরে দোতলার জানালা দিয়ে উঁকি দিয়ে তাঁরা সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে পারিবারিক কলহ-সংক্রান্ত কিছু বিষয় উল্লেখ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সেটি নিহতের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে। সীতাকুণ্ড থানার পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া চিরকুট ও ঘটনার অন্যান্য দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।