প্রকাশ :: ... | ... | ...

বাস–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০


সংযুক্ত ছবি

দুর্ঘটনাকবলিত বাস | ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী এবং বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।