টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে ৩ অস্ত্রধারী গ্রেফতার। | ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ানশ্যুটার গান, এক রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং সাকিন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে WFPA অফিসের কাঁটাতারের বেড়া সংলগ্ন ইটের সলিং রাস্তা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ানশ্যুটার গান, এক রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)। হাবিবুর রহমান ও রহমত উল্লাহর পিতা আব্দুল জলিল এবং মাতা ছালেহা বেগম। অপর গ্রেফতারকৃত মো. রমিজের পিতা মো. ইউসুফ ও মাতা মনোয়ারা বেগম। তাদের সবার স্থায়ী ঠিকানা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজরপাড়া এলাকায়। উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসআরবি-১৫ আরও জানায়, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আ. ম. ফারুক, সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া), পক্ষে অধিনায়ক, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫।