প্রকাশ :: ... | ... | ...

শিক্ষার্থীদের সামনে ১৯৭১-এর বিভীষিকা তুলে ধরলেন বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকন্ঠ

বান্দরবানের লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সোমবার (২৫ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন। লামা উপজেলার সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ এবং উপজেলা শিক্ষা অফিসার দেবাশিস বিশ্বাস। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা এবং বীর বাঙালির সাহসিকতার কাহিনি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন, ২৫ মার্চের সেই নারকীয় গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক বলেন, গণহত্যার সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে তথ্য অফিসের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য এবং কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।