| ছবি: গিরিকন্ঠ
লামা উপজেলার সরই ইউনিয়ন এলাকায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত আরএনবি (RNB) ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৯ মে) বিকেলে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ইটভাটাটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান সূত্রে জানা যায়, সরই ইউনিয়নের পুইট্যা পাড়া এলাকায় অবস্থিত ইটভাটাটি দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া ইট তৈরির জন্য কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার এবং সংলগ্ন পাহাড় কাটার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মো. মঈন উদ্দিন। তিনি জানান, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী পরিবেশের ক্ষতিসাধন ও পাহাড় কাটার অপরাধে ভাটা মালিককে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। অভিযানকালে লামা বন বিভাগ এবং পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন গণমাধ্যমকে আরও জানান, পার্বত্য অঞ্চলের পরিবেশ ও পাহাড় রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে অভিযানের পর স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহলের মতে, প্রশাসনের এমন কঠোর অবস্থান অবৈধ বন উজাড় ও পাহাড় কাটা বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।