প্রকাশ :: ... | ... | ...

লামার দুর্গম আশ্রমে হামের প্রাদুর্ভাব, চলছে চিকিৎসাসেবা


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম ত্রিশদেবা পাড়ায় অবস্থিত সাঙ্গু অনাথ সংঘ আশ্রমে একাধিক শিশুর মধ্যে হামের লক্ষণ শনাক্ত হয়েছে। বর্তমানে আশ্রমের অন্তত ২৪ জন শিক্ষার্থী আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ দ্রুত সেখানে বিশেষ চিকিৎসা ও টিকাদান কার্যক্রম পরিচালনা করেছে। রবিবার (১০ মে) দিনব্যাপী পরিচালিত মেডিকেল ক্যাম্পে আক্রান্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের তত্ত্বাবধানে গঠিত বিশেষ মেডিকেল টিম দুর্গম এলাকায় পৌঁছে চিকিৎসাসেবা নিশ্চিত করে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এর আগেও উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের একটি দুর্গম পাড়ায় হামের সংক্রমণ দেখা দিলে সেখানে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছিল। একই ধারাবাহিকতায় এবার ত্রিশদেবা পাড়ার অনাথ আশ্রমে শিশুদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়। মেডিকেল টিম আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে গুরুতর অসুস্থ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতা বৃদ্ধির পরামর্শও দেওয়া হয়েছে। অভিযানে অংশ নেন মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ কাউসার ইকরাম, সিনিয়র স্টাফ নার্স মো. ইমরান, স্বাস্থ্য সহকারী রুবেল দাশ ও জাহিদ হাসান শাকিলসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য সদস্যরা। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের নজরদারি অব্যাহত রয়েছে।