প্রকাশ :: ... | ... | ...

ফাইতংকে মাদক ও জুয়ামুক্ত করতে শুক্রবার বিশাল র‍্যালি ও সমাবেশ


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নকে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার রাতে ফাইতং বাজারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী শুক্রবার জুমার নামাজের পর ফাইতং বাজারে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোবিরোধী র‍্যালি এবং বৃহৎ মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ফাইতং বড় মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে জ্যেষ্ঠতার ভিত্তিতে হেলাল উদ্দিন, নজরুল ইসলাম, সজল চন্দ্র সুশীল, আরিফুল ইসলাম ও বেলাল উদ্দিনকে সদস্য করে পাঁচ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন ফরহাদ আহমদ সজল ও বাদশা মিয়া। মতবিনিময় সভায় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণে মাদক ও জুয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি আন্দোলন গড়ে তুলতে হবে। শিশু-কিশোর ও যুবসমাজকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আয়োজকেরা। সভা শেষে শুক্রবারের কর্মসূচিতে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি লামা ও চকরিয়া উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতি ও কভারেজ কামনা করা হয়।