| ছবি: গিরিকণ্ঠ
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে বান্দরবানের লামায় প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘লামা-আলীকদম মডেল ফারিয়া’ (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন)। লামা-আলীকদম উপজেলা ফারিয়ার সভাপতি মোবাশ্বের হোসেন সুমনের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৩৫ জন সাধারণ সদস্য অংশ নেন। বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত চলা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সমাবেশে বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন। তারা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, যারা চিকিৎসকদের কাছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেন।” বক্তারা আরও বলেন, করোনা মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ওষুধ সরবরাহ সচল রাখতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ এখনও এই পেশার রাষ্ট্রীয় স্বীকৃতি ও যথাযথ মর্যাদা নিশ্চিত হয়নি। তারা অবিলম্বে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার রাষ্ট্রীয় মূল্যায়ন এবং কর্মক্ষেত্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা। প্রতিবাদী কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন লামা-আলীকদম উপজেলা ফারিয়া কমিটির উপদেষ্টা মাহমুদুল হক, উপদেষ্টা এম এ ইনজামাম, উপদেষ্টা একলাছুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান। সমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।