প্রকাশ :: ... | ... | ...

রুমায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান জেলার রুমা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন। রবিবার (১৪ জুন) দুপুরে রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার (এসবিপি, পিএসসি) অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১১ জুন রুমা উপজেলার থানা পাড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় জনসাধারণের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে ৫টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। পরিদর্শনকালে জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান ছাড়াও তিনি ব্যবসায়ীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, “রুমা উপজেলার যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা আকস্মিক বিপর্যয়ে রুমা জোন সর্বদা রুমাবাসীর পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীকে বৈদ্যুতিক সংযোগ, রান্নার গ্যাস এবং আগুন ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও থানা পাড়ার বাসিন্দারা। তাদের মতে, দুর্যোগের এই সময়ে সেনাবাহিনীর সহায়তা ও আন্তরিকতা ক্ষতিগ্রস্তদের মানসিক শক্তি জোগাবে এবং পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়ক হবে।