প্রকাশ :: ... | ... | ...

রুমায় মানবিক সহায়তা ও সম্প্রীতিতে সেনাবাহিনী


সংযুক্ত ছবি

সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম. | ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান, ১৯ নভেম্বর ২০২৬: দুর্গম পাহাড়ি জনপদে বসবাসরত বিভিন্ন সম্প্রদায় ও ধর্মের মানুষের কল্যাণ, মানবিক সহায়তা প্রদান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবানের রুমা উপজেলায় নানা জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগ নিয়েছে সেনাবাহিনীর রুমা জোন। গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে রুমা উপজেলার নিউ রোমানা পাড়ার এক বাসিন্দা নিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে রাতেই টহল গাড়িতে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি তাঁর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়। এছাড়াও, রুমা উপজেলার একজন অসহায় মাকে তাঁর সন্তানের দ্রুত চিকিৎসার জন্য রুমা জোনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। টাকার অভাবে চিকিৎসাহীন অবস্থায় ভুগতে থাকা সন্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে, রুমা উপজেলার সেগুম খামার পাড়ার ইসলামপুর জামে মসজিদের উন্নয়নকাজ পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি বড়থলি ত্রিপুরা পাড়ার এক শিক্ষার্থীর হোস্টেল ফি পরিশোধের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়েছে। স্থানীয়রা মনে করছেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ দুর্গম পাহাড়ি জনপদে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক ও পারস্পরিক আস্থার বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে। রুমা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।